কিশোরগঞ্জের মিঠামইনে ধারণ করা ‘ইত্যাদি’ আগামী ৪ অক্টোবর প্রচারিত হবে।
কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর নামে প্রতিষ্ঠিত হামিদ পল্লীতে ধারণ করা ‘ইত্যাদি’ আগামী ৪ অক্টোবর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার করা হবে। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এরই মধ্যে তিন দশক পেরিয়ে চার দশকে পা রেখেছে। ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নৈসর্গিক সৌন্দর্যের নান্দনিক দৃশ্যাবলীতে সাজানো কিশোরগঞ্জের হাওরের মাঝখানে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে। গত ২০ সেপ্টেম্বর ইত্যাদির এ পর্বটি ধারণ করা হয়। পর্বটি ধারণের দিন হাওরের মাঝখানে ছোট্ট এই পল্লীটির চারিদিকে হাজার হাজার নৌকা-ট্রলারের সারি এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছিল। হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ।
ইত্যাদির ধারণ উপলক্ষে ভাটির দেশ কিশোরগঞ্জে ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই কিশোরগঞ্জ শহর, করিমগঞ্জ, ইটনা, অষ্টগ্রাম, ভৈরব, নিকলী, কটিয়াদী, হোসেনপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থান থেকে শত শত নৌকা-ট্রলারে করে হাজার হাজার মানুষ আসতেছিল হামিদ পল্লীতে। বিকেলের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল অনুষ্ঠানস্থল। আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ হাওড়ের পাড়ে দাঁড়িয়ে, নৌকা ও ট্রলারের ছাদে বসে ইত্যাদির ধারণ উপভোগ করেন। হাওড়ের মাঝখানে এ যেন জনসমুদ্র। এত দুর্গম অঞ্চলে অনুষ্ঠান হওয়া সত্ত্বেও অনুষ্ঠানস্থলে প্রায় লক্ষাধিক দর্শক সমাগম হয়েছিল।
গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই মিঠামইনের পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ০৪ অক্টোবর, শুক্রবার-রাত ৮ টার বাংলা সংবাদের পর। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত এর রচনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। আর এর স্পন্সর হিসেবে রয়েছে যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড।




No comments